মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে নতুন পরিচালক পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে বর্তমান দুই পরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব শাহিনা পারভীন।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন। পিআরএলে যাওয়ার আগ পর্যন্ত তিনি মাউশি অধিদপ্তরে সংযুক্ত থাকবেন।
তার স্থলাভিষিক্ত হয়েছেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) যুগ্ম পরিচালক মো. ইদ্রিস আলী। তাকে মাউশির ঢাকা অঞ্চলের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, মাউশির চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক এম এম সহিদুল ইসলাম। সম্প্রতি তাকে ডিআইএর পরিচালক পদ থেকে সরিয়ে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে সেখানে যোগ দেওয়ার আগেই তিনি নতুন দায়িত্ব পেলেন।
এছাড়া চট্টগ্রাম অঞ্চলের বর্তমান পরিচালক ফজলুল কাদের চৌধুরীকেও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই অধ্যাপককে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত মাউশি অধিদপ্তরে ওএসডি হিসেবে সংযুক্ত রাখা হবে।
আরএইচটি/জেডএস
