বিজ্ঞাপন

স্কুলের প্রতি মাসের খেলাধুলার তথ্য মাউশিতে পাঠানোর নির্দেশ

স্কুলের প্রতি মাসের খেলাধুলার তথ্য মাউশিতে পাঠানোর নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম নিয়মিত পরিচালনা এবং এর বাস্তবায়ন সংক্রান্ত তথ্য প্রতি মাসে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত ছক অনুযায়ী প্রতি মাসের প্রথম সপ্তাহে আগের মাসের ক্রীড়া কার্যক্রমের তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

সোমবার (৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ড. এ. এইচ. এম. ফজলে রাব্বীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয়। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এতে আরও বলা হয়, প্রতি মাসে বাস্তবায়িত ক্রীড়া কার্যক্রমের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পরবর্তী মাসের প্রথম সপ্তাহে আগের মাসের প্রতিবেদন [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে।

অধিদপ্তরের নির্ধারিত তথ্যছকে সংশ্লিষ্ট মাসে অনুষ্ঠিত ক্রীড়া ইভেন্টের ধরন, অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, পরবর্তী মাসে আয়োজনের পরিকল্পনা এবং ওই পরিকল্পনায় অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখ করতে হবে।

বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) (সব অঞ্চল), উপপরিচালক (মাধ্যমিক), উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আরএইচটি/জেডএস

বিজ্ঞাপন