বিজ্ঞাপন

মৃত শিক্ষকের নামে বেতন তোলার অভিযোগে মাদারাসা শিক্ষককে শোকজ

মৃত শিক্ষকের নামে বেতন তোলার অভিযোগে মাদারাসা শিক্ষককে শোকজ

ভোলার তজুমদ্দিন উপজেলার একটি দাখিল মাদারাসার সহকারী শিক্ষকের বিরুদ্ধে মৃত এক শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর ব্যবহার করে দীর্ঘদিন বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে ওই শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাদারাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে তাকে নিয়োগ-সংক্রান্ত সব মূল কাগজপত্র ও প্রয়োজনীয় প্রমাণাদি নিয়ে তিন কার্যদিবসের মধ্যে অধিদপ্তরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) এ অভিযোগের পর মাদারাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে তার নামে কারণ দর্শানোর নোটিশ প্রকাশ করা হয়।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মো. মহিউদ্দিন (ইনডেক্স নম্বর : বি৬০২৭৮২) ভোলার তজুমদ্দিন উপজেলার মো. ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদারাসার সহকারী শিক্ষক। তার বিরুদ্ধে মৃত এক শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর ব্যবহার করে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা তোলার অভিযোগ ওঠে।

নোটিশে বলা হয়, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে মো. মহিউদ্দিনের বিরুদ্ধে মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর ব্যবহার করে দীর্ঘদিন বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠে আসে। প্রতিবেদনটি মাদারাসা শিক্ষা অধিদপ্তরের দৃষ্টিগোচর হওয়ার পর বিষয়টি আমলে নিয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ অনুযায়ী, মো. মহিউদ্দিনকে নিয়োগ-সংক্রান্ত সব মূল কাগজপত্র ও প্রয়োজনীয় প্রমাণাদি সঙ্গে নিয়ে নোটিশ প্রাপ্তির তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে সশরীরে মাদারাসা শিক্ষা অধিদপ্তরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচটি/এসএএস