বিজ্ঞাপন

কারিগরি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা

কারিগরি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা

জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল)-৪৭ এবং জুনিয়র দাখিল (ভোকেশনাল)-৪৮ শিক্ষাক্রমের ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের বর্ধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে বর্তমানে অষ্টম শ্রেণিতে, ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে বর্তমানে সপ্তম শ্রেণিতে এবং ২০২৬ শিক্ষাবর্ষে বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ রেজিস্ট্রেশন কার্যক্রমের আওতায় থাকবে।

রেজিস্ট্রেশনের জন্য কোনো অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী শিক্ষা সমাপনী অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জেএস (ভোকেশনাল) ও জেডি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধনের যোগ্য বলে জানানো হয়েছে।

বয়সের শর্ত অনুযায়ী, ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে ৯ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। একইভাবে ২০২৫ শিক্ষাবর্ষের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৪ এবং ২০২৬ শিক্ষাবর্ষের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষার্থীর বয়স ৯ থেকে ১৫ বছরের মধ্যে থাকতে হবে। তবে দ্বিতীয় শিফট ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।

প্রতি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ৪০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ৮ টাকাসহ মোট ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ প্রতিষ্ঠানভিত্তিক একত্রে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে তথ্য এন্ট্রি, ফি পরিশোধ এবং রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এছাড়া ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকার (হার্ড কপি) প্রিন্ট নেওয়া যাবে।

রেজিস্ট্রেশন কার্যক্রমের স্বচ্ছতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যের একটি রেজিস্ট্রেশন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে তথ্য এন্ট্রি সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে ভর্তি ফরম ও জন্মনিবন্ধন সনদের সঙ্গে তথ্য মিলিয়ে সঠিক কি না নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যাবে না। পাশাপাশি চূড়ান্ত তালিকার প্রিন্ট কপি প্রতিষ্ঠানেই সংরক্ষণ করতে হবে।

এছাড়া প্রতি শিফটে ড্রপআউটসহ সর্বোচ্চ ৬০ জন শিক্ষার্থী রাখা যাবে এবং প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত পরিশোধিত থাকতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না হলে এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের ওপর পড়বে।

আরএইচটি/এমটিআই

বিজ্ঞাপন