বিজ্ঞাপন

ঢাকা কলেজের জুলাই অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ শিবির-ছাত্রশক্তির

ঢাকা কলেজের জুলাই অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ শিবির-ছাত্রশক্তির

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকা কলেজে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা অংশ নিলেও ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে ঢাকা কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুম ইসলাম সানি বলেন, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তারা আশা করেছিলেন, কলেজ প্রশাসন সব পক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করবে এবং সংশ্লিষ্টদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেবে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির কর্মসূচিতে ছাত্রশিবিরের কোনো প্রতিনিধি বা দায়িত্বশীল ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা হয়নি বলে দাবি করেন তিনি।

সাইমুম ইসলাম সানির অভিযোগ, যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে, সেই ছাত্রদলের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও ছাত্রশিবিরকে বাদ দেওয়া হয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং এটি বৈষম্যমূলক আচরণের শামিল বলে তিনি মন্তব্য করেন।

একই অভিযোগ করেছেন ঢাকা কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক সজিব উদ্দিন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি। তার ভাষ্য, প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত এবং এটি জুলাই-পরবর্তী সময়ের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমওএইচ/বিআরইউ