জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোথাও কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি বলে দাবি করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন।
বুধবার (৫ আগস্ট) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোথাও কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি। হল দখল, প্রশাসনকে হেনস্তা, শিক্ষক-শিক্ষিকাদের হেনস্তা কিংবা কোনো অপকর্মের সঙ্গে আমরা জড়িত নই। জুলাই গণঅভ্যুত্থান যেমন শিক্ষার্থীদের আন্দোলন ছিল, তেমনি শিক্ষক-শিক্ষিকাদেরও এতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আন্দোলনের সময় শিক্ষকদের অভিভাবকসুলভ ভূমিকা, দোয়া ও সাহস শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে।”
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীরা এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে অতীতে বিভিন্ন সন্ত্রাসী ছাত্রসংগঠনের নামে সংঘটিত সহিংস কর্মকাণ্ডের পুনরাবৃত্তি আর হবে না।”
অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, “জুলাই আন্দোলন আমাদের ত্যাগ, সাহস ও আত্মত্যাগের ইতিহাস। এ আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছেন। তাদের অবদান আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আন্দোলনের পর ঢাকা কলেজে আমরা প্রতিহিংসার রাজনীতি করিনি। কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে হয়রানি না করে আমরা একটি গণতান্ত্রিক, সহনশীল ও সহাবস্থানের ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
অধ্যাপক ফারজানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আক্তারুজ্জামান।
এমওএইচ/আরএইচটি/এসএএস
