বিজ্ঞাপন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো পরিবর্তন, ব্যবহার নিয়ে ২ নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো পরিবর্তন, ব্যবহার নিয়ে ২ নির্দেশনা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল লোগো পরিবর্তন করে সব ধরনের দাপ্তরিক নথিতে নতুন লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ অনুযায়ী বোর্ডের নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সব দাপ্তরিক কাজে নির্ধারিত নতুন লোগো ব্যবহার করতে হবে। তবে আগে থেকে মুদ্রিত কাগজপত্রের মজুত শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ব্যবহার করা যাবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ অনুযায়ী প্রতিষ্ঠানটির নাম ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’। তবে বর্তমানে অফিসিয়াল লোগোতে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা’ লেখা ব্যবহার করা হচ্ছে। আইন অনুযায়ী বোর্ডের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে নির্ধারিত অফিসিয়াল লোগো ব্যবহার করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বোর্ড থেকে জারিকৃত সব ধরনের পত্র, প্যাড, খাম, নোটশিট, শিক্ষার্থীর নিবন্ধনপত্র, প্রবেশপত্র, নম্বরপত্র, সনদ, ট্যাবুলেশন শিটসহ সংশ্লিষ্ট সব দাপ্তরিক কাজে নতুন অফিসিয়াল লোগো ব্যবহার করতে হবে।

তবে ইতোমধ্যে মুদ্রিত কাগজপত্রের মজুত শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ব্যবহার করা যাবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এ অফিস আদেশের অনুলিপি পরীক্ষা নিয়ন্ত্রক, মাদ্রাসা পরিদর্শক, প্রকাশনা নিয়ন্ত্রক, কম্পিউটার কেন্দ্র, আইসিটি সেল, আঞ্চলিক কার্যালয়, বিভিন্ন শাখা এবং বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

আরএইচটি/বিআরইউ