বিজ্ঞাপন

গবেষণা ও ডিজিটাল দক্ষতায় মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে হবে : ইআবি ভিসি

গবেষণা ও ডিজিটাল দক্ষতায় মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে হবে : ইআবি ভিসি

মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক ও ইসলামিক জ্ঞানের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার পাশাপাশি ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি বলেছেন, ডিজিটাল যুগে ইসলাম প্রচার ও জ্ঞানচর্চার ক্ষেত্রে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট চেকিং, ডেটা ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব চ্যানেল, অনলাইন ফ্রিল্যান্সিং, কনটেন্ট ডেভেলপমেন্ট, অনলাইন কোর্স পরিচালনা এবং ডিজিটাল প্রকাশনার মাধ্যমে নিজেদের দক্ষতা ও প্রতিভা বিকশিত করতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘মাদরাসায় উচ্চশিক্ষা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাইস চ্যান্সেলর বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারলে মাদরাসা শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। মাদরাসা শিক্ষার ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষকদের শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধি এবং গবেষণামুখী করে তুলতে ফাজিল ও কামিল পর্যায়ে গবেষণাধর্মী পাঠ, অ্যাকাডেমিক লেখা এবং জার্নাল প্রকাশে উৎসাহিত করতে হবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম।

আরএইচটি/এসএএস