বিজ্ঞাপন

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের তারিখ জানালো বোর্ড

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের তারিখ জানালো বোর্ড

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত। অনলাইনের মাধ্যমে এ আবেদন করতে হবে। 

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এবং ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলো এসব ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ ব্যবহার করে ফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।
এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে। এ জন্য ১৬১৪০ নম্বরে ‘SSC’ লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে। যেমন—‘SSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিসে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে না।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে সোমবার (১০ আগস্ট) শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবেন।

আরএইচটি/আরএফ