বিজ্ঞাপন

ঢাবিতে মাসিক ২৫০ টাকা ক্রীড়া বৃত্তি পাবেন ১০০ শিক্ষার্থী

ঢাবিতে মাসিক ২৫০ টাকা ক্রীড়া বৃত্তি পাবেন ১০০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ অর্থবছরে খেলোয়াড় শিক্ষার্থীদের জন্য ক্রীড়া বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র। নির্বাচিত ১০০ জন শিক্ষার্থী মাসিক ২৫০ টাকা হারে বৃত্তি এবং বেতন মওকুফের সুবিধা পাবেন।

রোববার (৯ আগস্ট) শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত খেলোয়াড় শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

তবে ক্রীড়া বৃত্তির ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার শর্ত আরোপ করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নিয়ে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক অর্জনকারী এবং দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্যরাই এ বৃত্তির জন্য বিবেচিত হবেন।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৩ আগস্ট ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের চেয়ারম্যান বা পরিচালকের প্রত্যয়নসহ পরিচালক, শারীরিক শিক্ষা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশেষ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, একই শ্রেণিতে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীকে দ্বিতীয়বার ক্রীড়া বৃত্তির জন্য মনোনয়ন দেওয়া হবে না।

শারীরিক শিক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।