বিজ্ঞাপন

এসএসসিতে মানবিক বিভাগে পাস করলো অর্ধেকেরও কম শিক্ষার্থী

এসএসসিতে মানবিক বিভাগে পাস করলো অর্ধেকেরও কম শিক্ষার্থী

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিভাগভিত্তিক পাসের হারে মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ।

পাসের দিক থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে। এ বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। আর 

বিজ্ঞান বিভাগে পাসের হারে সবচেয়ে এগিয়ে যশোর শিক্ষা বোর্ড। এ বোর্ডে বিজ্ঞান বিভাগের পাসের হার ৮৬ দশমিক ৯০ শতাংশ। এরপর রয়েছে ঢাকা বোর্ড, ৮৫ দশমিক ৯০ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে ৮৪ দশমিক ৪১, বরিশালে ৮৩ দশমিক ৯৯, কুমিল্লায় ৮২ দশমিক ৮৮, সিলেটে ৮০ দশমিক ৩২, রাজশাহীতে ৭৮ দশমিক ১৯, দিনাজপুরে ৭৩ দশমিক ২৯ এবং ময়মনসিংহে ৭১ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থীরা পাস করেছে।

ব্যবসায় শিক্ষা বিভাগে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে, ৭১ দশমিক ১৬ শতাংশ। যশোর বোর্ডে এ হার ৭০ দশমিক ৪৯ শতাংশ। এরপর সিলেট বোর্ডে ৬৪ দশমিক ৩০, রাজশাহীতে ৬১ দশমিক ১০, চট্টগ্রামে ৬০ দশমিক ১২, দিনাজপুরে ৫৯ দশমিক ২২, কুমিল্লায় ৫৭ দশমিক ৪০, বরিশালে ৫৬ দশমিক ৫৩ এবং ময়মনসিংহে ৪৮ দশমিক ৯১ শতাংশ।

মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে, ৫৫ দশমিক ৬২ শতাংশ। যশোর বোর্ডে এ হার ৫৫ দশমিক ৫৭ শতাংশ। কুমিল্লা বোর্ডে ৫০ দশমিক ৬১, বরিশালে ৪৯ দশমিক ৩৪, সিলেটে ৪৮ দশমিক ১৬, রাজশাহীতে ৪৬ দশমিক ৭৯, ময়মনসিংহে ৪৬ দশমিক ১২, চট্টগ্রামে ৩৮ দশমিক ৭৯ এবং দিনাজপুরে ৩৮ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থীরা পাস করেছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মানবিক বিভাগ থেকে। এ বিভাগে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন।

মানবিক বিভাগে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৩ লাখ ৬১ হাজার ১৬৯ এবং ছাত্র ২ লাখ ৬৬ হাজার ২৮২ জন। বিজ্ঞান বিভাগেও ছাত্রীদের অংশগ্রহণ বেশি ছিল। তবে ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি।

এমএল/আরএফ