চলতি বছরে দাখিল (এসএসসি-সমমান) পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার কমে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আগের বছর এ হার ছিল ৬৮ দশমিক শূন্য ৯ শতাংশ। পাশের হার কমার পাশাপাশি এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হারও কমেছে উল্লেখযোগ্য পরিমানে। এক বছরের ব্যবধানে এ বোর্ডে জিপিএ-৫ কমেছে ২ হাজার ৩৫০টি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২০২৬ সালের দাখিল (এসএসসি-সমমান) পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হার ২ দশমিক ২৭ শতাংশ।
চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন। আগের বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ৬৬ জন। সে হিসেবে বছরের ব্যবধানে জিপিএ-৫ কমেছে ২ হাজার ৩৫০ জন।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। এর মধ্যে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ২২৬টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি।
এমএমএইচ/আরএফ
