এই বছরের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে সর্বমোট ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮.২২ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র ভালো ফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, ক্যাডেট কলেজগুলোর ক্যাডেটদের ধারাবাহিক সফলতা অর্জনের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যবৃন্দের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটবৃন্দের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। এছাড়াও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজগুলোর অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সব শ্রেণির ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্যজনক ফল অর্জন সম্ভব হয়েছে।
এমএসি/জেডএস
