শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সমালোচনা করতে হবে, তবে সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক হতে হবে। বিশ্ববিদ্যালয় অঙ্গন থেকে মিথ্যা বা বিভ্রান্তিকর কাগজপত্র ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা কোনোভাবেই কাম্য নয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বিষয়ক জাতীয় কনফারেন্সের এক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশাকে সামনে রেখে এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কথায় কথায় আন্দোলন শুরু না করে সংশ্লিষ্ট বিষয়গুলো বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগসহ বিভিন্ন বিষয়ে সরকার কাজ করছে। ৭৭ হাজার শিক্ষক নিয়োগের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে, রেজুলেশন হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্তের জন্য প্রস্তাব মন্ত্রীর কাছে যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই একটি প্রস্তাবের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অথচ একই নথির শেষ অংশে স্পষ্টভাবে বলা রয়েছে, সংশোধন করে অনুমোদন দেওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে। এ ধরনের অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে দেওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, ফল প্রকাশের পর একজন সাংবাদিক প্রশ্ন করেন, এবারে শিক্ষকরা আর মন খুলে নম্বর দিতে পেরেছেন কি না। এর জবাবে তিনি বলেছিলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, কিন্তু মার্ক দেওয়া যায় না।’ তার এই বক্তব্যকে পরে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমি বক্তৃতা দিই শিক্ষিত সমাজের কাছে, আমি বক্তৃতা দিই সমাজের বিবেক মিডিয়ার সামনে। তারপরও আমি জানি না কেন এভাবে হয়। কেউ বলে বসলেন, আপনি তো ডিপ্লোম্যাটিক বক্তৃতা দিচ্ছেন। আরে ভাই, মন খুলে কথা বললে যদি টুইস্ট করেন, তাহলে তো ডিপ্লোম্যাটিকই করতে হবে।’
শিক্ষকদের অবসরভাতা প্রসঙ্গে তিনি বলেন, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত শিক্ষকদের অবসরভাতা দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এ পরিস্থিতিতে ৩০০ কোটি টাকা বরাদ্দ এবং ১ হাজার ৮০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ওই অর্থের মাধ্যমে আগামী ১৫ আগস্ট ৭৫ হাজার শিক্ষককে অবসরভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের প্রতি সরকারের সম্মান ও দায়বদ্ধতার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। শিক্ষাব্যবস্থার নানা সংকট ও শিক্ষকস্বল্পতা কাটিয়ে ওঠার জন্য সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি৷
আরএইচটি/এমএন
