জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নীতি-নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে তিন শিক্ষাবিদকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মনোনীত সদস্যদের মেয়াদ হবে দুই বছর।
মঙ্গলবার (১১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মনোনীত তিনজন হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭-এর ধারা ১৮-এর উপধারা (১)-এর দফা (ছ) ও উপধারা (২) অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদের পরবর্তী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির গত ৮ জুলাইয়ের চিঠির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত ও অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরএইচটি/বিআরইউ
