বিজ্ঞাপন

উচ্চশিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে চায় রাশিয়ান হাউস

উচ্চশিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে চায় রাশিয়ান হাউস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চশিক্ষা, দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে রাশিয়ান হাউস। এ লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সহযোগিতা, কারিগরি শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুললে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। বিশেষ করে উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে রাশিয়া সহযোগিতা করতে পারে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে রাশিয়ার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

এ সময় রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে উচ্চশিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

এ সময় বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের কালচারাল প্রোগ্রাম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মন, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া এবং মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরএইচটি/এসএএস