জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুগোপযোগী, শিক্ষার্থীবান্ধব ও কর্মমুখী শিক্ষা দিতে আধুনিক ডিজিটাল শিক্ষাসামগ্রী ও অনলাইন কনটেন্ট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেছেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও ডিজিটাল দক্ষতায় দক্ষ করে তুলতে অ্যাপ্লাইড আইসিটি কোর্সের রিসোর্স ম্যাটেরিয়াল ও অনলাইন কনটেন্ট উন্নয়ন করা হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের অ্যাপ্লাইড আইসিটি কোর্সের ‘রিসোর্স ম্যাটেরিয়ালস ফাইনালাইজেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শুধু একটি বিষয় নয়। শিক্ষা, কর্মসংস্থান, গবেষণা, উদ্ভাবন ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে এটি নিবিড়ভাবে যুক্ত। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন শিক্ষা দিতে হবে, যা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনে কাজে লাগানো যায়।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈচিত্র্য, তাদের শিক্ষাগত ও প্রযুক্তিগত সক্ষমতা এবং দেশের বিভিন্ন অঞ্চলের বাস্তবতা বিবেচনায় নিয়ে রিসোর্স ম্যাটেরিয়াল চূড়ান্ত করতে হবে। কনটেন্টের ভাষা হতে হবে সহজ, সাবলীল ও শিক্ষার্থীবান্ধব। এমনভাবে বিষয়বস্তু তৈরি করতে হবে, যাতে তুলনামূলকভাবে কম মেধাসম্পন্ন শিক্ষার্থীও সহজে তা অনুধাবন করতে পারে। বৈষম্য কমিয়ে শিক্ষার সুযোগকে আরও অন্তর্ভুক্তিমূলক করাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।
ড. আমানুল্লাহ আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার বৃহত্তম অংশকে ধারণ করে এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর অধিভুক্ত কলেজের বিস্তৃতি রয়েছে। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছে একই মানের সময়োপযোগী শিক্ষাসামগ্রী পৌঁছে দেওয়া বিশ্ববিদ্যালয়ের বড় দায়িত্ব। এমন শিক্ষাসামগ্রী তৈরি করতে হবে, যা শিক্ষার্থীকে বিষয়টি বুঝতে, প্রয়োগ করতে এবং নতুন কিছু করতে উৎসাহিত করবে। শেখার অভিজ্ঞতা হতে হবে সহজ, আনন্দদায়ক ও বাস্তবমুখী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীনের, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান মো. মুজাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা৷
আরএইচটি/জেআই
