বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি দেশের মানুষের কাছে একজন মা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৯২ সালে দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তার সেই দূরদর্শী উদ্যোগের ফলে দেশের বিপুলসংখ্যক মানুষের জন্য উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা অবদান রেখেছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কাসেম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের মসজিদ উপ-কমিটির সভাপতি আল-আমিন সরকারের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
আরএইচটি/এমএন
