বিজ্ঞাপন

বিএএস ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক শরীফ উদ্দিন

বিএএস ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক শরীফ উদ্দিন

বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস)-এর সম্মানিত ফেলো নির্বাচিত হয়েছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।

তিনি বুয়েট থেকে স্নাতক, জাপানের শিগা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কিয়োটো ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি সিঙ্গাপুর, জাপান, জার্মানি ও চীনের খ্যাতনামা গবেষণাগারে পোস্টডক্টরাল সম্পন্ন করেন।

বিশেষ করে ২০০৪ সালে দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচলে সহায়তার জন্য তার উদ্ভাবিত ‘ইলেকট্রনিক আই’ প্রযুক্তি আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলে এবং সিএনএন, বিবিসি, রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়।

কম্পিউটার ভিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং ও অ্যাগ্রো-বায়োমেডিক্যাল ইমেজিং খাতে তার ৩০০টির মতো গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গুগল স্কলার তথ্য অনুযায়ী, তার গবেষণার সাইটেশন সংখ্যা সাড়ে ৭ হাজার অতিক্রম করেছে। বিজ্ঞান ও গবেষণায় তার দুটি পেটেন্টও রয়েছে।

তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) ফেলো এবং আইইইই-এর সিনিয়র মেম্বার। 

বর্তমানে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল ‘আইইইই অ্যাকসেস’-এর অ্যাসোসিয়েট এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই মর্যাদাপূর্ণ অর্জনে গ্রিন ইউনিভার্সিটি পরিবার তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।