বিজ্ঞাপন

ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ

শিক্ষার্থী বাছাই নিয়ে প্রশ্ন : নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ

শিক্ষার্থী বাছাই নিয়ে প্রশ্ন : নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থী বাছাইয়ের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেলেও ২০২৪ সালে নবম শ্রেণিতে নিবন্ধিত ৬০১ শিক্ষার্থীর মধ্যে ২১৯ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ না দেওয়া এবং শতভাগ জিপিএ-৫ ধরে রাখতে শিক্ষার্থী বাছাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ  প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের সই করা চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

বোর্ডের চিঠিতে প্রতিষ্ঠানটিতে ভর্তিকৃত শিক্ষার্থী, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থী, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা শিক্ষার্থীদের তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে। প্রয়োজনে পাঠদান, বিভাগ ও অতিরিক্ত শ্রেণি শাখার অনুমতিপত্রও দেখাতে হবে। এসব তথ্যসহ প্রধান শিক্ষককে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করা হয়েছে।

এর আগে, ১৪ আগস্ট ‘ঢাকা পোস্ট’সহ বিভিন্ন সংবাদমাধ্যমে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ পাওয়ার পেছনে শিক্ষার্থী বাছাইয়ের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, টেস্ট পরীক্ষায় পাস করা সত্ত্বেও কম নম্বর বা কাঙ্ক্ষিত জিপিএ না পাওয়ায় কিছু শিক্ষার্থীকে এসএসসির ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি, এমন অভিযোগ উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসার পর অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর টেস্ট পরীক্ষার ফল, রেজিস্ট্রেশন ও ফরম পূরণের তথ্য যাচাই শুরু করে শিক্ষা বোর্ড।

নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ফলাফল এ আলোচনাকে জোরালো করেছে। চলতি বছর প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬ জনসহ মোট ৩৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। গত বছরও প্রতিষ্ঠানটির ৩২০ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬০১। তবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৮২ জন। অর্থাৎ নবম শ্রেণিতে নিবন্ধনের পর থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত ২১৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে অনেক শিক্ষার্থীকে এসএসসির ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি। তাদের দাবি, প্রতিষ্ঠানের শতভাগ জিপিএ-৫-এর ফল ধরে রাখতেই টেস্ট পরীক্ষাকে শিক্ষার্থী বাছাইয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। বাদ পড়া শিক্ষার্থীদের অনেকে পরে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে টিসি নিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনেকে এবার ভালো ফল করেছে। নরসিংদী সানবীন স্কুলে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দেওয়া ৫০ শিক্ষার্থীর মধ্যে ২৫ জন জিপিএ-৫ পেয়েছে। ঘোড়াদিয়া উচ্চবিদ্যালয়ে পরীক্ষা দেওয়া পাঁচজনের মধ্যে তিনজন এবং নরসিংদী মডেল স্কুলের চারজনের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।

এরপর গত ১৫ আগস্ট ‘নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫’— শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট।

এতে পরিচয় প্রকাশ না করার শর্তে এক অভিভাবক অভিযোগ করেন, তার ছেলে পঞ্চম শ্রেণি থেকে পাঁচ বছর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে পড়েছে। এসএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় ঐচ্ছিক বিষয় জীববিজ্ঞানে ১২ নম্বর পাওয়ার পর তাকে টিসি দেওয়া হয়। পরে নরসিংদী সানবীন স্কুলে ভর্তি করার সময় ২০ হাজার টাকা নেওয়া হয়। তার ছেলে এবার জিপিএ-৫ পেয়েছে বলে জানান তিনি।

ওই অভিভাবক বলেন, এসএসসি পরীক্ষার মাত্র দুই মাস আগে একজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে বের করে দিলে তার মানসিক অবস্থার ওপর প্রভাব পড়ে। তার ছেলে তখন খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল।

অন্য এক শিক্ষার্থী জানায়, সে ষষ্ঠ শ্রেণিতে লটারির মাধ্যমে নাছিমা কাদির মোল্লা স্কুলে ভর্তি হয়েছিল। অষ্টম শ্রেণি থেকে ধাপে ধাপে শিক্ষার্থী বের করে দেওয়া শুরু হয় বলে তার অভিযোগ। স্কুলে খাতা কঠোরভাবে মূল্যায়ন এবং প্রশ্নও কঠিন করা হতো বলে দাবি করে সে। পরে অন্য স্কুলে গিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে বলেও জানায় ওই শিক্ষার্থী।

তবে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল থেকে টিসি নিয়ে সানবীন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়া আরেক শিক্ষার্থী ভিন্ন কথা বলেছে। তার ভাষ্য, নাছিমা কাদির মোল্লা স্কুলের নিয়মকানুন কঠিন হলেও তাকে জোর করে বের করে দেওয়া হয়নি। টেস্ট পরীক্ষায় পাস করতে না পারায় সে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছে।

বিষয়টি নিয়ে নরসিংদী সানবীন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোমতাজ উদ্দিন আহাম্মেদ বলেন, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে ৫০ জন শিক্ষার্থী প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। অঙ্গীকারনামা নিয়ে তাদের ভর্তি করা হয়। তাদের মধ্যে ২৫ জন এবার জিপিএ-৫ পেয়েছে।

তবে শিক্ষার্থী বাছাই করে ফরম পূরণের সুযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন। তিনি বলেন, সরকারি নির্দেশনা ও বোর্ডের পরিপত্র অনুসরণ করেই টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে।

ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘টেস্ট পরীক্ষায় এ প্লাস না পেলে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে দেওয়া হয় না—এমন অভিযোগ সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। সরকারি নির্দেশনা অনুযায়ী, ৩৩ শতাংশ নম্বর পেলেই শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী বা অভিভাবক যদি প্রমাণ করতে পারেন যে ৩৩ শতাংশ পাওয়ার পরও তাকে ফরম পূরণ করতে দেওয়া হয়নি, তাহলে এ বিষয়ে যে শাস্তি হবে, আমরা তা মাথা পেতে নেব।’

এবারের টেস্ট পরীক্ষার তথ্য তুলে ধরে প্রধান শিক্ষক বলেন, মোট ৪৮৩ শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৩৮২ জন পাস করেছে এবং ১০১ জন অকৃতকার্য হয়েছে। পাস করা শিক্ষার্থীদের ফরম পূরণ করা হয়েছে এবং অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করা হয়নি। টেস্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ফরম পূরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রধান শিক্ষক আরও বলেন, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ না করার বিষয়ে বোর্ডের পরিপত্র রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, সরকার ও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ করেই তাঁরা কাজ করেছেন। প্রতিষ্ঠানের ভালো ফলাফলের পেছনে কঠোর শৃঙ্খলা, নিয়মিত ক্লাস, অতিরিক্ত সময় ধরে পড়ানো এবং শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানের কথাও উল্লেখ করেন তিনি। পিছিয়ে থাকা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয় বলেও জানান।

এদিকে, শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান ঢাকা পোস্টকে বলেন, টেস্ট পরীক্ষায় পাস করা শিক্ষার্থীকে শুধু এ প্লাস না পাওয়ার কারণে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ বোর্ডের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। শতভাগ জিপিএ-৫ পাওয়া প্রতিষ্ঠানগুলোকেও ডেকে বিষয়টি যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, টেস্ট পরীক্ষার ফলাফল এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণের তথ্য চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, টেস্ট পরীক্ষার ফলাফল ও এসএসসি পরীক্ষার ফরম পূরণের তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য পর্যালোচনা করে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, টেস্ট পরীক্ষায় পাস করেও শুধু এ প্লাস না পাওয়ার কারণে কোনো শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না দেওয়া হলে তা নিয়মবহির্ভূত। এমন অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

আরএইচটি/এমএসএ