বিজ্ঞাপন

ইআইবির কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৮৮.২০ শতাংশ

ইআইবির কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৮৮.২০ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) অধীনে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৮৮ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানসেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান ভাইস-চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যানসেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যানসেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হোসাইন আহমাদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার সময় উপাচার্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থায় রুপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করায় পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এ বছর সিজিপিএ এর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ঢাকা। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ও সরকারি মাদরাসা ই-আলিয়া, ঢাকা এবং তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদরাসা।

উল্লেখ্য, এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৬৩টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদি (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.result.iau.edu.bd) পাওয়া যাবে।

আরএইচটি/এসএএস