বিজ্ঞাপন

সরকারিকরণের উদ্যোগ

চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজে নিয়োগ-পদোন্নতিতে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজে নিয়োগ-পদোন্নতিতে নিষেধাজ্ঞা

সরকারিকরণের লক্ষ্যে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ মহিলা কলেজের বিভিন্ন কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর আওতায় রয়েছে নিয়োগ ও পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক দৈনন্দিন কার্যক্রমের ব্যয় ছাড়া নগদ ও ব্যাংকে সংরক্ষিত অর্থের ব্যয়।

গত ৩ আগস্ট থেকে এসব বিষয়ে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এ বিষয়ে মাউশি রোববার (১৬ আগস্ট) একটি অফিস আদেশ জারি করে, যা সোমবার (১৭ আগস্ট) প্রকাশ করা হয়।

মাউশির কলেজ-২ শাখার সহকারী পরিচালক ফজলুল হক মনিরের স্বাক্ষর করা ওই আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্টের একটি চিঠির পরিপ্রেক্ষিতে সরকারিকরণের লক্ষ্যে আগ্রাবাদ মহিলা কলেজের নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক দৈনন্দিন কার্যক্রমের ব্যয় ছাড়া নগদ ও ব্যাংকে সংরক্ষিত অর্থ ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আদেশে কলেজের প্রতিষ্ঠান প্রধানকে পরিদর্শনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

মাউশির আদেশে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন), চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন/কলেজ-১) এবং আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষকে আদেশের অনুলিপি দেওয়া হয়।

আরএইচটি/আরএফ/এনএফ