জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ১০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
এবারের ভর্তি বিজ্ঞপ্তিতে এলএলবি ১ম পর্ব (২০২৬-২৭), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৬-২৭), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৬-২৭), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৫-২৬) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (২০২৫-২৬) কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।
আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১২ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু নির্দিষ্ট কোর্সের ভর্তি কার্যক্রম অনলাইনে না হয়ে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পরিচালিত হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, ফটোগ্রাফি, মিউজিক, থিয়েটার স্টাডিজ, ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস কোচিং এবং মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সে ভর্তিচ্ছুদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। এসব কোর্সে আবেদনের জন্য শিক্ষার্থীদের সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে।
আবেদনের যোগ্যতা হিসেবে এলএলবি ১ম পর্ব, জার্নালিজম ও লাইব্রেরি সায়েন্স কোর্সের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.০ থাকতে হবে। অপরদিকে এমবিএ কোর্সের জন্য ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.২৫ থাকতে হবে। তবে দ্বৈত ভর্তির ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না এবং আবেদনে ভুল বা অসত্য তথ্য দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
আর মেধা তালিকা তৈরির ক্ষেত্রে স্নাতক পর্যায়ের অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। মেধাক্রম সমান হলে জন্ম তারিখের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তিচ্ছুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
আরএইচটি/এমএন
