বিজ্ঞাপন

একাদশে ভর্তি এক ধাপে, মাইগ্রেশন না রাখার পরিকল্পনা

একাদশে ভর্তি এক ধাপে, মাইগ্রেশন না রাখার পরিকল্পনা

একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় এবার বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্ভাব্য নতুন নিয়মে আগের মতো তিন ধাপে নয়, এক ধাপেই অনলাইনে আবেদন নেওয়া হতে পারে।

একই সঙ্গে মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগও না রাখার পরিকল্পনা রয়েছে। ভর্তিপ্রক্রিয়া দ্রুত শেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ক্লাস শুরুর সম্ভাবনাও রয়েছে।

গত ১৬ আগস্ট একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি কয়েকটি বিষয়ে পরিবর্তন এনে নতুন নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়।

সম্ভাব্য নতুন নিয়মে শিক্ষার্থীরা প্রথম ধাপেই একবার আবেদন করার সুযোগ পেতে পারে। সে ক্ষেত্রে মাইগ্রেশনের সুযোগ না থাকার পরিকল্পনা করা হয়েছে। তবে পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থী, কলেজ না পাওয়া, ভর্তি নিশ্চায়ন না করা বা কোনো কারণে ভর্তি থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য পরবর্তী সময়ে আবার আবেদনের সুযোগ রাখা হতে পারে।

ভর্তির সময়সূচিও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর আবেদন শুরু এবং ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালানোর কথা থাকলেও তাতে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দেয়নি। নতুন পরিকল্পনায় সেপ্টেম্বরের প্রথম দিকেই আবেদন শুরু করে মাসের মধ্যেই ভর্তি শেষ করার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ক্লাস শুরু এবং পুনর্নিরীক্ষার পর কলেজ পরিবর্তন করা শিক্ষার্থীদের ১ অক্টোবরের মধ্যে ক্লাসে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে। দ্রুতই এটি চূড়ান্ত হতে পারে। এরপর শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা জারি করবে।

অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, একাদশ শ্রেণির ক্লাস ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা। তবে গত কয়েক বছর নানা কারণে তা সম্ভব হয়নি। এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট প্রকাশিত হওয়ায় দ্রুত ভর্তি শেষ করে সেপ্টেম্বরের মধ্যেই একাদশের ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সময়সূচি ও ভর্তি-সংক্রান্ত নিয়ম নীতিমালা জারির পরই নিশ্চিত হবে।

আরএইচটি/বিআরইউ