৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ জনের প্রার্থিতা বাতিলসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ প্রার্থীর দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা আগামী ২৫ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সূচি অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১৮০ জন করে প্রার্থী ভাইভায় অংশ নেবেন।
পিএসসি জানিয়েছে, ২৫, ২৭, ৩০ ও ৩১ আগস্ট এবং ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর ভাইভা অনুষ্ঠিত হবে।
পৃথক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় নিয়ম ভঙ্গ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে সাত প্রার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে পাঁচ প্রার্থীর বিরুদ্ধে চলতি বছর ও পরবর্তী এক বছর পিএসসির অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা এবং পিএসসি ঘোষিত পদের জন্য অযোগ্যতার শাস্তি দেওয়া হয়েছে।
পিএসসির তথ্য অনুযায়ী, পরীক্ষার হলে দুটি স্মার্টফোন ও একটি স্মার্টওয়াচ নিয়ে প্রবেশ এবং নির্ধারিত সময়ের আগে পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করার অপরাধে দুই প্রার্থীর ৫০তম বিসিএসের পরীক্ষা বাতিল করা হয়েছে।
অন্যদিকে, পরস্পরের উত্তরপত্র দেখে নকল করা এবং প্রশ্নের সঙ্গে সম্পর্কহীন আপত্তিকর বিষয় উত্তরপত্রে লেখার অভিযোগে অপর পাঁচ প্রার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের চলতি বছর ও পরবর্তী এক বছরের জন্য পিএসসির অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা এবং পিএসসি ঘোষিত পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
এদিকে পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে নির্ধারিত অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১) ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখে সময়ের অন্তত ৩০ মিনিট আগে পূরণ করা ফরম এবং প্রয়োজনীয় সব মূল সনদের সত্যায়িত দুই সেট ফটোকপিসহ ভাইভা বোর্ডে উপস্থিত হতে হবে।
এ সময় প্রার্থীদের মূল সনদও বোর্ডে প্রদর্শন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
এ ছাড়া মৌখিক পরীক্ষার আগে চাওয়া সব সনদের স্ক্যান কপি পিএসসির নির্ধারিত গুগল ফরমে আপলোড করতে হবে। টেলিটকের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-চাকরি সংক্রান্ত অতিরিক্ত তথ্যসংবলিত ‘বিপিএসসি ফরম-৩’ অনলাইনে পূরণ করতে হবে। পূরণ করা ফরমের দুই কপিও মৌখিক পরীক্ষার দিন ভাইভা বোর্ডে জমা দিতে হবে।
আরএইচটি/এসএইচএ
