দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব শক্তিশালী করতে উপাচার্যদের নিয়ে দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপের আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আগামী শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে এ সংলাপ শুরু হবে।
সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য ছাড়াও নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেবেন।
দুই দিনের সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়, পাঠদানের উৎকর্ষ ও মূল্যায়ন, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া উপাচার্যদের গ্রুপ আলোচনা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা, উচ্চশিক্ষার রূপান্তরে হিট প্রকল্পের ভূমিকা, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থী সহায়তা ও কর্মসংস্থানযোগ্যতা এবং বিশ্ববিদ্যালয়ের কৌশলগত পরিকল্পনা নিয়েও মতবিনিময় হবে।
সংলাপের প্রথম দিন শুক্রবার বেলা ১১টায় ‘উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়’ পর্ব অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
পরদিন শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অধিবেশন। এতে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
আয়োজকদের প্রত্যাশা, এ সংলাপের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে একটি অভিন্ন ধারণা তৈরি হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় নেতৃত্বের মধ্যে অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়, অ্যাকাডেমিক নেতৃত্ব ও সুশাসন জোরদার, মানসম্মত পাঠদান, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ উচ্চশিক্ষার করণীয় নির্ধারণেও সংলাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ইউজিসি। সংলাপ থেকে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ সংকলন করে ভবিষ্যতে হিট প্রকল্পের বিভিন্ন উদ্যোগ এবং দেশের উচ্চশিক্ষা রূপান্তরের কার্যক্রমে তা বিবেচনায় নেওয়া হবে।
আরএইচটি/বিআরইউ
