দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য চা-চক্র ও মতবিনিময় সভা করেছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশক্রমে এ আয়োজন করা হয়।
সভায় কওমি মাদ্রাসা শিক্ষা, এর বর্তমান পরিস্থিতি, গণমাধ্যমে কওমি শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়গুলোর সংবাদ পরিবেশন, গণমাধ্যমের ভূমিকা এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আল-হাইআতুল উলয়ার সদস্য মাওলানা মাহফুজুল হক সভায় সূচনা বক্তব্য দেন। এ সময় আল-হাইআতুল উলয়ার সদস্য মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও মাওলানা মুফতি এনামুল হক (বসুন্ধরা) উপস্থিত ছিলেন। এছাড়া আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু: অছিউর রহমান উপস্থিত ছিলেন।
সভায় আল-হাইআতুল উলয়ার সদস্যরা কওমি মাদ্রাসা শিক্ষার পরিচয়, বৈশিষ্ট্য ও স্বকীয়তা এবং আল-হাইআতুল উলয়া ও এর অধীন ছয়টি শিক্ষা বোর্ডের কার্যক্রম সম্পর্কে আলেম সাংবাদিকদের অবহিত করেন। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আল-হাইআতুল উলয়ার অবস্থান তুলে ধরেন তারা।
বৈঠকে উপস্থিত সাংবাদিকরাও আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন। তারা বিভিন্ন বিষয়ে জানতে চান এবং গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজনের জন্য তারা আল-হাইআতুল উলয়াকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সভায় দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে ঢাকা মেইল ডটকমের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দীন বাবর, শীলন বাংলার সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময় টেলিভিশনের অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামীম, গ্লোবাল টেলিভিশনের সহসম্পাদক জামিল আহমদ, দৈনিক কালবেলার সহসম্পাদক আবু তালহা রায়হান, এশিয়া পোস্টের হেড অব ইসলাম রায়হান রাশেদ, দৈনিক নয়া দিগন্তের সহসম্পাদক বেলায়েত হোসাইন, আজকের পত্রিকার সহসম্পাদক কাউসার লাবীব, বাংলা পোস্টের সহসম্পাদক হাসান আল মাহমুদ, এনপিবির সহসম্পাদক জাওয়াদ আহমদ এবং ফেস দ্য পিপলের স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রইস উপস্থিত ছিলেন।
আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে জানানো হয়, কওমি মাদ্রাসা শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে সঠিক ও যাচাইকৃত তথ্য দিয়ে গণমাধ্যমকে সহযোগিতা করতে তাদের দ্বার সব সময় উন্মুক্ত। আলেম সাংবাদিকদের সঙ্গে এ ধরনের মতবিনিময় ও যোগাযোগের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরে সভায় অংশগ্রহণকারী আলেম সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এনএফ/এনটি
