বিজ্ঞাপন

স্কুল-কলেজে ক্রীড়া কার্যক্রম নিয়ে মাউশির নতুন নির্দেশনা

স্কুল-কলেজে ক্রীড়া কার্যক্রম নিয়ে মাউশির নতুন নির্দেশনা

সরকারি-বেসরকারি সব স্কুল ও কলেজে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য প্রতি মাসে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের প্রথম সপ্তাহে আগের মাসে অনুষ্ঠিত ক্রীড়া কার্যক্রমের তথ্য প্রমাণসহ ই-মেইলে পাঠাতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করলে তাদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি হয়। এটি শিক্ষার গুণগত মানোন্নয়নেও সহায়ক ভূমিকা পালন করে।

এ কারণে মাউশির আওতাধীন স্কুল ও কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে প্রতি মাসে বাস্তবায়িত ক্রীড়া কার্যক্রমের তথ্য প্রতিষ্ঠানভিত্তিকভাবে প্রমাণকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি মাসে বাস্তবায়িত ক্রীড়া কার্যক্রমের তথ্য পরবর্তী মাসের প্রথম সপ্তাহে পাঠাতে হবে। অর্থাৎ আগের মাসে অনুষ্ঠিত ক্রীড়া কার্যক্রমের তথ্য প্রয়োজনীয় প্রমাণকসহ নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

এ জন্য [email protected] ঠিকানায় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাঠানোর ক্ষেত্রে মাউশির নির্ধারিত ছক অনুসরণ করতে হবে।

নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসে অনুষ্ঠিত ক্রীড়া আয়োজনের ধরন, এসব আয়োজনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা এবং খেলা বা ক্রীড়ার নাম উল্লেখ করতে হবে। একই সঙ্গে পরবর্তী মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে—এমন ক্রীড়া কার্যক্রমের ধরন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যার তথ্যও দিতে হবে।

আরএইচটি/এসএম

বিজ্ঞাপন