বিজ্ঞাপন

একাদশে ভর্তিতে ১০ দিন আবেদন, ২৪ সেপ্টেম্বর ক্লাস শুরুর প্রস্তাব

একাদশে ভর্তিতে ১০ দিন আবেদন, ২৪ সেপ্টেম্বর ক্লাস শুরুর প্রস্তাব

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ১০ দিন ধরে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে আবেদন গ্রহণ করা হবে।

ভর্তি কার্যক্রম শেষে ২৪ সেপ্টেম্বর থেকে দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণির ক্লাস শুরুর প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে প্রস্তাবিত এ সূচির বিষয়টি জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় বাঁচাতে একাদশে ভর্তির পুরো প্রক্রিয়া এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে নতুন করে খসড়া সূচি তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই আবেদন ও ভর্তি কার্যক্রমের তারিখ চূড়ান্ত হবে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়া হবে। একই দিন, অর্থাৎ ১০ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের প্রস্তাব রয়েছে। প্রথম ধাপের আবেদনের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের পর পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ১২ ও ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে। সবশেষে ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর প্রস্তাব রয়েছে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রস্তাবিত নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আবেদন গ্রহণ ও ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত হবে। এবার কয় ধাপে একাদশে ভর্তির আবেদন নেওয়া হবে, সেটিও মন্ত্রণালয় চূড়ান্ত করবে।

সাধারণত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে আবেদন নেওয়া হয়। প্রথম ধাপের আবেদন শেষে ফল প্রকাশ ও শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হয়। এরপর দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া হয় তাদের কাছ থেকে, যারা প্রথম ধাপে নির্বাচিত হয়নি অথবা নির্বাচিত হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি। একই প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপেও আবেদন নেওয়া হয়। প্রয়োজন হলে চতুর্থ ধাপেও আবেদনের সুযোগ দেওয়ার নজির রয়েছে।

তবে এবার শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে আবেদন গ্রহণের ধাপ কমানোর সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ার অন্যান্য নিয়মে বড় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।

বরাবরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই দেশের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়া হবে। শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠান নির্বাচন করবেন এবং এসএসসি ও সমমান পরীক্ষায় পাওয়া ফল ও নম্বরের ভিত্তিতে আসন শূন্য থাকা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হবে।

আরএইচটি/বিআরইউ