বিজ্ঞাপন

বাউবি উপাচার্য

রাষ্ট্রপতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় গতি আসবে

রাষ্ট্রপতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় গতি আসবে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার ও উদ্ভাবনী জ্ঞান সৃষ্টিতে নতুন গতি আসবে। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেমের সমন্বয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

শনিবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান বাউবি উপাচার্য। এ সময় তিনি নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন কামনা করেন।

অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (আচার্য) মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রাজ্ঞ, সজ্জন ও দূরদর্শী রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, সততা ও দেশপ্রেম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব সময় অনুকরণীয় হয়ে থাকবে।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দেশসেবার যথাযথ মূল্যায়ন।

একজন শিক্ষক ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত উল্লেখ করে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেমের সমন্বয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে বাংলাদেশকে আরও সমৃদ্ধ, উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।

বাউবি উপাচার্য আরও বলেন, রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আরএইচটি/বিআরইউ