জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে আবারও রোভার স্কাউটিং কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংকে যুক্ত করে কোর্সটি আধুনিক ও বিশ্বমানের করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার সঙ্গে আত্মিক ও সামাজিক-সাংস্কৃতিক শিক্ষার সমন্বয় করে স্কাউটিং কোর্সটি নতুনভাবে সাজানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে’ স্কাউটদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে স্কাউটিংয়ের কার্যক্রম আরও দৃশ্যমান করতে ‘ভিজিবল স্কাউটিং’ নিশ্চিত করতে হবে। একইসাথে তৃতীয় ভাষা শিক্ষার সঙ্গে স্কাউটিংকে কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে কাজ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রমেও একজন রোভার স্কাউটকে যুক্ত করার নির্দেশনা দেন তিনি।
পরিবেশ সংরক্ষণে স্কাউটদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে উপাচার্য বলেন, আমরা ২ কোটি বৃক্ষরোপণ করব। এই কর্মসূচিতে স্কাউটদের সম্পৃক্ত করতে চাই। শুধু বৃক্ষরোপণ নয়, গাছের পরিচর্যা ও সংরক্ষণেও স্কাউটদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
স্কাউটিংয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমাজের বিত্তবান ও সমাজহিতৈষী ব্যক্তিদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে অধ্যাপক আমানুল্লাহ বলেন, সবকিছুর জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। অনেকেই ভালো কাজে সহযোগিতা করতে চান, কিন্তু উপযুক্ত ক্ষেত্র পান না। স্কাউটিংয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তাদের সম্পৃক্ত করতে হবে।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এ জন্য একটি কনসেপ্ট পেপার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোরাল এডুকেশন ও স্কাউটিংকে একীভূত করে কোর্সটির কাঠামো তৈরি করা যায় কি না এবং এর ক্রেডিট কত হবে, তা নিয়েও কাজ করা হবে বলেও সভায় জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি অধ্যাপক মোহা. শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম সেলিম চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল আলম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম রেজাউল করিম খানসহ নির্বাহী কমিটির ৩৪ জন সদস্য।
আরএইচটি/এমএসএ
