বিজ্ঞাপন

‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

বর্তমান সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত পরামর্শক পুলে (বিশেষজ্ঞ প্যানেল) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। 

শনিবার (২২ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর মনোনয়নের কথা জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে বৃক্ষরোপণ সেল এবং এর সহায়ক টাস্কফোর্সকে প্রয়োজনীয় সহায়তা দিতে এই পরামর্শক পুল গঠন করা হয়েছে। ১৪ সদস্যের এই উচ্চপর্যায়ের পরামর্শক পুলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুন পারভেজকে।

দেশ-বিদেশের খ্যাতনামা উন্নয়ন গবেষক, পরিবেশবিদ, জলবায়ু গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে পরামর্শক পুলটি গঠন করা হয়েছে। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে অন্যতম জ্যেষ্ঠ সদস্য হিসেবে রাখা হয়েছে।

জানা গেছে, পরামর্শক পুলটি বৃক্ষরোপণ কর্মসূচির নীতি ও কৌশল প্রণয়ন, প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি এবং কর্মসূচি বাস্তবায়নে কারিগরি ও পেশাগত পরামর্শ দেবে। পাশাপাশি বিশ্বমানের আধুনিক প্রযুক্তি (জিআইএস, রিমোট সেন্সিং ও ডেটা সায়েন্স প্রয়োগ) জলবায়ু তহবিল সংগ্রহ এবং কর্মসূচির সার্বিক অগ্রগতিসহ পর্যালোচনাতেও পুলের সদস্যরা পরামর্শ দেবেন।

আরএইচটি/এমএসএ