বিজ্ঞাপন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এমফিল ও পিএইচডিতে ভর্তির সুযোগ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এমফিল ও পিএইচডিতে ভর্তির সুযোগ

প্রথমবারের মতো ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পূর্ণকালীন ও খণ্ডকালীন এসব প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

রোববার (২৩ আগস্ট) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আদ-দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল-ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এমফিলে ভর্তির যোগ্যতা

এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল (স্নাতক) অনার্স, ফাজিল (স্নাতক) পাস বা সমমান এবং কামিল (স্নাতকোত্তর) বা সমমান—উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর, জিপিএ-৫ স্কেলে ৩.৫০ অথবা সিজিপিএ-৪ স্কেলে ৩.০০ থাকতে হবে।

এ ছাড়া দাখিল বা সমমান এবং আলিম বা সমমান—উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ-৫ স্কেলে ৩.৫০ থাকতে হবে।

বিদেশি শিক্ষার্থী বা বিদেশি বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সমতা বিধান কমিটি থেকে সনদের সমতা নির্ধারণ করতে হবে।

এমফিল প্রোগ্রামের মেয়াদ রেজিস্ট্রেশনের তারিখ থেকে দুই বছর। প্রথম পর্বে কোর্সওয়ার্ক এবং দ্বিতীয় পর্বে থিসিস সম্পন্ন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার বিষয়, সময় ও স্থান পরবর্তী সময়ে জানানো হবে।

এমফিলে ফেলোশিপ

এমফিল প্রোগ্রামে ফেলোশিপ বা বৃত্তির জন্য আবেদনকারীদের মধ্যে প্রতি শিক্ষাবর্ষে প্রথম পর্ব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী ১৫ জনকে ফেলোশিপ বা বৃত্তি দেওয়া হবে। তবে গবেষকের সংখ্যা বিবেচনায় এ সংখ্যা কম-বেশি হতে পারে।

ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের কোর্স চলাকালে পূর্ণ ছুটিতে থাকতে হবে। চাকরিজীবীদের পূর্ণকালীন এমফিলে ভর্তির ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা ছাড়া অন্য প্রতিষ্ঠানে কর্মরতদের কমপক্ষে এক বছরের ছুটি নিয়ে প্রোগ্রামে যোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

এমফিলের গবেষণা ও সুপারভাইজার

এমফিল প্রোগ্রামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে সুপারভাইজার বা কো-সুপারভাইজার মনোনীত করা হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী সহকারী অধ্যাপকরাও এ দায়িত্ব পালন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারও সুপারভাইজার হতে পারবেন। তবে গবেষকের সঙ্গে রক্তের সম্পর্ক, বৈবাহিক বা নিকটাত্মীয়তার সম্পর্ক রয়েছে—এমন ব্যক্তি সুপারভাইজার বা কো-সুপারভাইজার হতে পারবেন না; পরীক্ষকও হতে পারবেন না।

এমফিলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সিলেবাস অনুযায়ী ৩০০ নম্বরের তিনটি তাত্ত্বিক কোর্স এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। কোর্সওয়ার্কের ফল প্রকাশের পর প্রতি ছয় মাস অন্তর সুপারভাইজারের সুপারিশসহ গবেষণার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

থিসিস জমা দেওয়ার অন্তত তিন মাস আগে গবেষককে সুপারভাইজার বা কো-সুপারভাইজার, উচ্চতর ডিগ্রি ও গবেষণা পরিচালনা কমিটি, কমিটি মনোনীত বিষয়বিশেষজ্ঞ এবং আমন্ত্রিত অতিথিদের সামনে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করতে হবে।

পিএইচডিতে ভর্তির যোগ্যতা

পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমফিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এমফিল ছাড়াও সরাসরি পিএইচডিতে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা অথবা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসা বা সমমান প্রতিষ্ঠানে ফাজিল বা কামিল পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম বিভাগ বা শ্রেণি, সিজিপিএ-৪ স্কেলে ৩.০০ বা সিজিপিএ-৫ স্কেলে ৩.৫০ এবং স্বীকৃতমানের জার্নালে কমপক্ষে দুটি প্রকাশনা থাকতে হবে।

এ ছাড়া স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের গবেষণাসংক্রান্ত অভিজ্ঞতা অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি পিএইচডিতে আবেদন করা যাবে। এ ক্ষেত্রেও শিক্ষাজীবনের ফলাফল ও কমপক্ষে দুটি স্বীকৃত প্রকাশনার শর্ত প্রযোজ্য।

পিএইচডি প্রার্থীদের ফাজিল বা সমমান এবং কামিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। ফাজিল ও কামিল উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর, জিপিএ-৫ স্কেলে ৩.৫০ অথবা সিজিপিএ-৪ স্কেলে ৩.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আবেদন করা যাবে না।

এমফিল বা সমমানের ডিগ্রিধারী ছাড়া পিএইচডিতে ভর্তিচ্ছু প্রার্থীদের গবেষণাপদ্ধতি বা রিসার্চ মেথডোলজি বিষয়ে ১০০ নম্বরের কোর্স পরীক্ষায় অংশ নিয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

পিএইচডির মেয়াদ ও ফেলোশিপ

পিএইচডি প্রোগ্রামেও প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ভর্তি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার বিষয়, সময় ও স্থান পরে জানানো হবে।

পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামের মেয়াদ চার বছর এবং খণ্ডকালীন প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর। তবে চার বছর পরও থিসিস জমা দেওয়া যাবে।

পিএইচডি প্রোগ্রামে প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে ১০ জনকে ফেলোশিপ বা বৃত্তি দেওয়া হবে। গবেষকের সংখ্যা বিবেচনায় এ সংখ্যা পরিবর্তন হতে পারে। ফেলোশিপ বা বৃত্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স অনধিক ৪৮ বছর হতে হবে।

ফেলোশিপপ্রাপ্ত পিএইচডি গবেষকদের কোর্স চলাকালে পূর্ণ ছুটিতে থাকতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরতদের কমপক্ষে এক বছরের ছুটি নিয়ে পূর্ণকালীন পিএইচডিতে যোগ দিতে হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এমফিলধারী শিক্ষক-কর্মকর্তা বা এমফিল থেকে পিএইচডিতে রূপান্তরিত গবেষকদের ছুটি নেওয়া বাধ্যতামূলক নয়; তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

খণ্ডকালীন পিএইচডির ক্ষেত্রে ছুটি নেওয়া বাধ্যতামূলক নয়, তবে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দিতে হবে।

পিএইচডির গবেষণা কার্যক্রম

পিএইচডি রেজিস্ট্রেশনের পর প্রতি ছয় মাস অন্তর সুপারভাইজারের সুপারিশসহ গবেষণার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

ভর্তির ছয় মাসের মধ্যে গবেষককে গবেষণার শিরোনাম, উদ্দেশ্য, গবেষণাপদ্ধতি এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণ বিষয়ে একটি গবেষণা প্রস্তাবনা সেমিনার বা প্রেজেন্টেশনে উপস্থাপন করতে হবে। গবেষণাকালীন সময়ে আরও একটি এবং থিসিস জমা দেওয়ার চার মাস আগে গবেষণার ফলাফল নিয়ে আরেকটি গবেষণামূলক সেমিনার করতে হবে।

আবেদন যেভাবে

এমফিল ও পিএইচডি উভয় প্রোগ্রামের প্রাথমিক আবেদন ফি ৩ হাজার টাকা। আবেদনকারীদের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পে-স্লিপ ডাউনলোড করে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ফি জমা দিতে হবে।

পে-স্লিপ তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Payment ছাত্রসেবা অপশনে গিয়ে Service Type হিসেবে MPhil/PhD Application Fee নির্বাচন করতে হবে। এরপর EIIN No ঘরে 138247, Student Name ঘরে পূর্ণ নাম, Roll/Reg. No ঘরে মোবাইল নম্বর এবং Session ঘরে 2026-27 লিখে Save করতে হবে।

তথ্য সফলভাবে সংরক্ষণ হলে লাল রঙে Transaction ID প্রদর্শিত হবে। এরপর Download Payslip অপশনে ক্লিক করে পে-স্লিপ ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। পে-স্লিপে উল্লেখিত নির্ধারিত ফি অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করে পে-স্লিপের মূল রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বছিলা, মোহাম্মদপুরের অস্থায়ী কার্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

ভর্তি বিজ্ঞপ্তির শর্ত বাতিল বা পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অনিবার্য কারণে ভর্তি কার্যক্রমের সময়সূচি পরিবর্তন হলে আবেদনকারীদের এসএমএস বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

আরএইচটি/এমএসএ 

বিজ্ঞাপন