বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত বিশেষ পরীক্ষায় সারা দেশে ২ হাজার ৪৭৭ জন অনুপস্থিত ছিলেন।
সোমবার (২৪ আগস্ট) নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সূত্রে জানা গেছে, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের ১২২টি কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৬৮ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। এসব কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫১ জন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি—২ হাজার ৩৫ জন।
বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত কেন্দ্রে নিবন্ধিত ২৬ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়েছেন। দিনাজপুর শিক্ষা বোর্ডেও ৬ জনের সবাই উপস্থিত ছিলেন।
অন্যদিকে রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৭ জনের মধ্যে ৩৪ জন পরীক্ষায় অংশ নেন; অনুপস্থিত ছিলেন ৩ জন। কুমিল্লা বোর্ডে ২৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২০ জন, অনুপস্থিত ৫ জন। যশোর বোর্ডে ১২ জনের মধ্যে ১১ জন পরীক্ষায় অংশ নেন এবং ১ জন অনুপস্থিত ছিলেন।
সিলেট বোর্ডে ৯ জনের মধ্যে ৬ জন, বরিশাল বোর্ডে ৩ জনের মধ্যে ২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৬ জনের মধ্যে ৩ জন পরীক্ষায় অংশ নেন। এসব বোর্ডে অনুপস্থিত ছিলেন যথাক্রমে ৩, ১ ও ৩ জন।
এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের বিশেষ পরীক্ষায় ৩৭টি কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৮ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ১৩৩ জন অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪২৬ জন।
পরীক্ষা চলাকালে কোনো বোর্ডেই কোনো পরীক্ষার্থী বহিষ্কার বা কোনো পরিদর্শককে বহিষ্কারের তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষা বাধাগ্রস্ত হয়। ওই দিন সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষাও হওয়ার কথা ছিল।
প্রতিকূল আবহাওয়ার কারণে এসব পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডগুলো পুনর্নিবন্ধনের মাধ্যমে বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়। সেই ধারাবাহিকতায় আজ দেশের নির্ধারিত কেন্দ্রগুলোতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরএইচটি/এমএন
