দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে সব বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) ইউজিসি কার্যালয়ে আয়োজিত ‘ইরাসমাস প্লাস ইনফো সেশন’ এ প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ উদ্যোগের কথা জানান।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার গুণগত মান এবং গবেষণার সক্ষমতা অনেকাংশেই নির্ভর করে আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতে কমিশনের পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র ও উন্নয়ন প্রকল্পে এ বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ শুধু শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর কাজে সীমাবদ্ধ থাকবে না। এসব কার্যালয়ের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ ও দ্বৈত ডিগ্রি কর্মসূচি চালু, আন্তর্জাতিক গবেষণা অনুদান সংগ্রহ এবং যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কাজে লাগানো গেলে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর গবেষণা পরিচালনার সুযোগ তৈরি হবে।
বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, মেধাবীদের দেশের বাইরে যাওয়াকে শুধু ‘ব্রেন ড্রেন’ হিসেবে না দেখে ‘ব্রেন সার্কুলেশন’ এর সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় ইউজিসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আন্তর্জাতিক সহযোগিতা কোনো ব্যক্তি-নির্ভর উদ্যোগে সীমাবদ্ধ না রেখে তা টেকসই ও ধারাবাহিক করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা প্রয়োজন।
ইউজিসি সচিব ড. ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘ইরাসমাস প্লাস ইনফো সেশন’-এ কমিশনের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচটি/এমএন
