একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
তিনি বলেছেন, প্রয়োজনীয় দক্ষতা ছাড়া কর্মক্ষেত্রে সফলতা অর্জন কঠিন। এ কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম বিভিন্ন ধরনের দক্ষতাকে গুরুত্ব দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. লুৎফর রহমান বলেন, হার্ড স্কিল ও সফট স্কিলের মধ্যে ভারসাম্য রেখে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা চাকরির বাজারে ভালো অবস্থান তৈরি করতে পারবেন। এ ধরনের কর্মশালার মাধ্যমে বিজনেস স্টাডিজের শিক্ষার্থীরা উপকৃত হবেন।
ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন বলেন, বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় সফট স্কিলের পাশাপাশি হার্ড স্কিল প্রয়োজন। তাই শিক্ষার্থীদের হার্ড ও সফট— উভয় ধরনের দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান এস. এম. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদ মিয়া।
ক্যারিয়ার পরিকল্পনা, বিভিন্ন কর্মক্ষেত্রের সম্ভাবনা, এসডাব্লিউওটি এনালাইসিস এবং একবিংশ শতাব্দীর কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে তিনি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টির শিক্ষক এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/এমএন
