চীনে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়ানো এবং দুই দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরিতে চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) চীনের গুয়াংজুতে ‘চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা মধ্যাহ্নভোজ’ অনুষ্ঠানে এসব বিষয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার কাঠামো গড়ে তোলা এবং দুই দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ উদ্ভাবনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যৌথ পরিকল্পনার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে।
এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া, চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট তিয়ান শিংইউ, জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ঝেং পেংউসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
আরএইচটি/জেআই
