জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট। অনলাইনে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করা যাবে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। সম্প্রতি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফরম পূরণ, ডাটা এন্ট্রি, ফি জমাদানসহ সংশ্লিষ্ট কার্যক্রমের সময়সূচি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ আগস্ট থেকে অনলাইনে পরীক্ষার্থীদের আবেদন ফরম সংগ্রহের কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। আর ফরম সংগ্রহ ও পূরণের পর কলেজ কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের তথ্য বা ডাটা এন্ট্রি করে তা ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চয়ন করবে। এরপর কলেজ কর্তৃপক্ষ ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পরীক্ষার ফি জমা দিতে পারবে। এ জন্য ২৩ ও ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত ফি অনুযায়ী, পরীক্ষার্থী প্রতি প্রতি পত্রের পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা। মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রতি পত্রে ফি ২ হাজার টাকা। এছাড়া ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ফির মধ্যে ৭০০ টাকা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে এবং ১০০ টাকা কলেজে জমা হবে।
এ ছাড়া ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীরা বিশেষ অন্তর্ভুক্তি ফি হিসেবে ৫ হাজার টাকা প্রদান করে পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন।
পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। পরে নির্ধারিত ফিসহ ফরমটি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ফরমের সঙ্গে রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি এবং আগে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। সরকারি চাকরিজীবী পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর বা বিভাগের অনুমতিপত্রও জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ছবিগুলো কলেজের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে ফরমের নির্ধারিত স্থানে লাগাতে হবে।
পরীক্ষার পদ্ধতি ও পাঠ্যসূচির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০২৫ সালের পরীক্ষায় এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং পরীক্ষার ফি পরিশোধের জন্য সংশ্লিষ্ট কলেজের নির্দেশনা অনুসরণ করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।
আরএইচটি/এমএসএ
