জাপান সরকারের অর্থায়নে জাপানি অর্থবছর ২০২৭ (এপ্রিল ২০২৭ থেকে মার্চ ২০২৮) মেয়াদের ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ (স্যাট্রেপস) কর্মসূচির আওতায় যৌথ গবেষণার জন্য প্রকল্প প্রস্তাব চেয়েছে বাংলাদেশ সরকার। এ কর্মসূচির আওতায় বাংলাদেশের সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের গবেষণা প্রতিষ্ঠানগুলোর যৌথ গবেষণার সুযোগ রয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন উন্নয়ন প্রকল্পসংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে তাদের প্রস্তুত করা প্রকল্প প্রস্তাব আগামী ৩০ আগস্টের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে বাছাই করা প্রকল্প প্রস্তাবগুলো আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) জমা দিতে হবে। পরে প্রস্তাবগুলোর চূড়ান্ত কপি ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস ও জাইকা কার্যালয়ে পৌঁছাতে হবে।
এদিকে ঢাকায় জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজুর পাঠানো চিঠির বরাত দিয়ে ইআরডি জানিয়েছে, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ১২টি সেরা প্রকল্প প্রস্তাব বিস্তারিত কাগজপত্রসহ পাঠাতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জাপান।
প্রতিটি প্রকল্প প্রস্তাবের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ও গুরুত্ব অনুযায়ী ‘এ’, ‘বি’ অথবা ‘সি’ ক্যাটাগরি উল্লেখ করতে বলা হয়েছে। আগে আবেদন করা কোনো প্রকল্প আবার প্রস্তাব করা হলে সেটিও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
চারটি ক্ষেত্রে গবেষণার সুযোগ
জাপান সরকারের বৈশ্বিক যৌথ গবেষণা কর্মসূচি ‘স্যাট্রেপস’-এর আওতায় সাধারণত তিন থেকে পাঁচ বছর মেয়াদি প্রকল্প নেওয়া হয়। কর্মসূচিতে চারটি প্রধান ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ক্ষেত্রগুলো হলো— পরিবেশ ও শক্তি, যার মধ্যে জলবায়ু পরিবর্তন ও কার্বন নিরপেক্ষতা, জৈবসম্পদ (খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ও মৎস্য), দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন এবং সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ।
কর্মসূচির আওতায় জাপানের গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়নশীল দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে যৌথ গবেষণা পরিচালিত হয়। এতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এবং চিকিৎসা গবেষণা সংস্থা যৌথভাবে অর্থায়ন ও কারিগরি সহায়তা দেয়।
এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় গবেষণা প্রকল্পগুলো জাপানের গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি প্রযুক্তি, জ্ঞান ও গবেষণা সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে।
স্যাট্রেপস কর্মসূচির আওতায় প্রয়োজনীয় কার্যক্রম নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং বাংলাদেশ স্কাউটসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরএইচটি/জেআই
