বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল প্রকাশ করে।
জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ২৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী।
বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এসএসসি পরীক্ষার ফলাফলের গেজেট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের কাছে হস্তান্তর করেন। পরে উপাচার্য আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য বলেন, মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে যাচ্ছে বাউবি। বিশ্ববিদ্যালয় নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ প্রক্রিয়া দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে।
তিনি বলেন, এ বছরের এসএসসি পরীক্ষা ফল নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৪৯ কার্যদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে। ফল প্রকাশে বিলম্বের যে ধারণা ছিল, তা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষাজীবন অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয়করণ, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং আগামী পরীক্ষায় ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.bou.ac.bd-এ পাওয়া যাবে।
আরএইচটি/আরএফ
