ভুয়া পরীক্ষার্থী ও পরীক্ষায় নানা ধরনের অনিয়ম ঠেকাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরীক্ষায় মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্স চালু হচ্ছে। এর মাধ্যমে পরীক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য দ্রুত ও নির্ভুলভাবে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও যাচাই করা যাবে। পাশাপাশি উপস্থিত থেকেও অনুপস্থিত দেখানোর মতো সমস্যাও প্রতিরোধ করা সহজ হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাউবির ই-লার্নিং সেন্টারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্সের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাপনা জোরদারকরণ’ শীর্ষক দিনব্যাপী মাস্টার ট্রেইনার উন্নয়ন ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বাউবির পরীক্ষা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পরীক্ষা বিভাগকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনার কার্যক্রম এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্স চালু করা হয়েছে।
তিনি বলেন, শুধু ই-অ্যাটেনডেন্স নয়, ফলাফল প্রস্তুত ও প্রকাশ, পরীক্ষা গ্রহণ এবং অভিযোগ ব্যবস্থাপনাসহ পরীক্ষা বিভাগের বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। শিক্ষার্থীদের সেবা সহজ ও দ্রুত করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।
প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে বাউবির পরীক্ষা ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও আধুনিক করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছড়িয়ে দিয়ে ই-অ্যাটেনডেন্স কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মাস্টার ট্রেইনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান এবং বিশেষ অতিথি ছিলেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।
আরএইচটি/বিআরইউ
