ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর মধ্যে শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়াও এ সংক্রান্ত কাজে ডিসিইউ এর ভেরিফাইড ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন সম্পন্ন করতে প্রথমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের তথ্য পূরণ করতে হবে।
পরবর্তী ধাপে প্রদর্শিত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। এরপর মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানায় পাঠানো ওটিপি দিয়ে নিবন্ধনের চূড়ান্ত ধাপ নিশ্চিত করতে হবে। নিবন্ধন প্রক্রিয়ার সার্বিক দিকনির্দেশনা ডিসিইউ এর ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে দেওয়া ভিডিও অনুসরণের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নিবন্ধন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমওএইচ/এমএন
