বিজ্ঞাপন

কার্যক্রম শুরু ৬ সেপ্টেম্বর

মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী রেজিস্ট্রেশনে বয়সের কড়াকড়ি

মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী রেজিস্ট্রেশনে বয়সের কড়াকড়ি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের (২০২৮ সালের দাখিল পরীক্ষার্থী) অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ১২ বছর এবং সর্বোচ্চ ২০ বছর হতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস. এম. তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো বিলম্ব ফি ছাড়া আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। এরপর ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৫০ টাকা বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার সুযোগ থাকবে। ই-এসআইএফ পদ্ধতিতে শিক্ষার্থীর তথ্য এন্ট্রির শেষ সময় ২৭ সেপ্টেম্বর এবং চূড়ান্ত সাবমিশনের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি ছাড়া প্রতি শিক্ষার্থীর মোট রেজিস্ট্রেশন ফি ১৯১ টাকা। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, স্কাউট বা গার্লস গাইড ১৫ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ৫ টাকা, অন্ধকল্যাণ ৫ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা। এ ছাড়া প্রতি মাদ্রাসার জন্য প্রাতিষ্ঠানিক ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিলম্ব ফি প্রযোজ্য হলে শিক্ষার্থীপ্রতি অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। সে ক্ষেত্রে মোট ফি হবে ২৪১ টাকা। পাশাপাশি স্কাউটের মেম্বারশিপ ফি বাবদ প্রতিষ্ঠানপ্রতি ২৩০ টাকা সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ও রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ‘টটলিস্ট’ তৈরি করে সেই অনুযায়ী শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে। কোনো ভুল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

তবে যেসব শিক্ষার্থী ষষ্ঠ বা অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারেনি, তারাও সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। এ জন্য প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জন্মনিবন্ধনের ফটোকপি, টটলিস্ট, ছবি এবং ২৪১ টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

এদিকে অনলাইনে তথ্য এন্ট্রির সময় শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। একটি মোবাইল নম্বর দিয়ে কেবল একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যাবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোর্ডের অনুমোদিত ই-টিসি ছাড়া কোনোভাবেই ম্যানুয়াল ছাড়পত্র বা টিসি গ্রহণ করা যাবে না। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের হালনাগাদ পাঠদানের অনুমতি বা স্বীকৃতি নেই, তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো জটিলতার দায় বোর্ড নেবে না বলেও জানানো হয়েছে। 

আরএইচটি/এমএসএ