বিজ্ঞাপন

ঢাকা-১৩ আসন

শিক্ষার্থীদের জন্য গভর্নেন্স চ্যালেঞ্জ প্রতিযোগিতা, পুরস্কার লাখ টাকা

শিক্ষার্থীদের জন্য গভর্নেন্স চ্যালেঞ্জ প্রতিযোগিতা, পুরস্কার লাখ টাকা

নিজ এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত করে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সমাধান খুঁজবে স্কুল শিক্ষার্থীরা। সেই সমাধান উপস্থাপনের সুযোগও থাকছে তাদের। এ লক্ষ্যে ঢাকা-১৩ আসনের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘গভর্নেন্স সলিউশনস কম্পিটিশন’ আয়োজন করা হয়েছে। যেখানে বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হবে ১ লাখ টাকা।  

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রতিযোগিতার ঘোষণা দেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

ফেসবুক পোস্টে তিনি জানান, প্রতিযোগিতায় ঢাকা-১৩ আসনের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দল গঠন করে অংশ নিতে পারবে। নিজেদের এলাকার বাস্তব কোনো সমস্যা চিহ্নিত করে সেটি নিয়ে গবেষণা করতে হবে। এরপর ওই সমস্যার কার্যকর ও বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করে তা উপস্থাপন করতে হবে।

ববি হাজ্জাজ তার পোস্টে লিখেছেন, ‘আর মাত্র ৭ দিন। ঢাকা-১৩-এর শিক্ষার্থীদের জন্য গভর্নেন্স চ্যালেঞ্জ।’

তিনি জানান, প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের সময়সীমা আরও সাত দিন বাড়ানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়েছে।

প্রতিযোগিতায় বিজয়ী দল পাবে এক লাখ টাকা। দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে দেওয়া হবে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২০ হাজার টাকা।

এদিকে আয়োজকরা বলছেন, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ের বাস্তব সমস্যা সমাধানে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরএইচটি/এমএসএ 

বিজ্ঞাপন