বিজ্ঞাপন

মাদরাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু, জেনে নিন নিয়ম

মাদরাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু, জেনে নিন নিয়ম

দেশের মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষকরা।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর গত ২৭ আগস্ট এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। মাদরাসা শিক্ষক বদলি নীতিমালা-২০২৬-এর বিধি ৩.১৯ অনুযায়ী জনস্বার্থে শূন্যপদের বিপরীতে ম্যানুয়ালি আবেদন নেওয়া হবে।

বদলিতে আগ্রহী শিক্ষকদের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত শূন্যপদের তালিকা থেকে পছন্দের মাদরাসা নির্বাচন করতে হবে। এরপর নির্ধারিত ছক অনুযায়ী আবেদনপত্র পূরণ করে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে আবেদনকারী ও তার স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি, আবেদনকারীর বর্তমান পদের প্রথম ও সর্বশেষ এমপিওর কপি এবং বর্তমান কর্মস্থলে যোগদানপত্র সংযুক্ত করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কর্মস্থলের প্রত্যয়নপত্রও জমা দিতে হবে।

আবেদনপত্রে আবেদনকারীর নাম, ইনডেক্স নম্বর, স্থায়ী ঠিকানা, বিষয় ও পদের নাম এবং চাকরিতে যোগদানের তারিখ উল্লেখ করতে হবে। একই সঙ্গে বর্তমান কর্মস্থলের জেলা ও উপজেলা, মাদরাসার নাম এবং প্রতিষ্ঠানের এমপিও নম্বর দিতে হবে।

যে মাদরাসায় বদলি হতে ইচ্ছুক, সেসব প্রতিষ্ঠানের নাম পছন্দক্রম অনুযায়ী উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানের নাম দেওয়া যাবে। প্রতিটি প্রতিষ্ঠানের জেলা ও উপজেলার নামও উল্লেখ করতে হবে। পাশাপাশি স্বামী বা স্ত্রীর কর্মস্থল, বর্তমান কর্মস্থল থেকে স্থায়ী ঠিকানার দূরত্ব এবং প্রয়োজনীয় মন্তব্যের ঘর পূরণ করতে হবে।

বদলির আবেদনের ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীর চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে এবং মাদরাসা শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ অনুসরণ করতে হবে।

আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান তা যাচাই করে অগ্রায়নপত্রের মাধ্যমে আবদ্ধ খামে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠাবেন। একই সঙ্গে আবেদন গ্রহণের একটি রিসিভ কপি প্রতিষ্ঠানপ্রধানকে সংরক্ষণ করতে হবে।

কোনো আবেদনকারীর স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে তার বদলি আবেদন ফরোয়ার্ড করা যাবে না। এ ছাড়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া কিংবা ভুল তথ্য অগ্রায়ন করা হলে সংশ্লিষ্ট আবেদনকারী ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বদলি কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে কোনো ধরনের তদবির বা অসদুপায় অবলম্বন থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছে। বদলি সংক্রান্ত অভিযোগ বা অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে বদলির জন্য অযোগ্য বিবেচনা করা হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, ৩০ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হলেও শুধু হার্ডকপি জমা দিলেই হবে না। বদলিতে আগ্রহী শিক্ষকদের ম্যানুয়াল আবেদনের পাশাপাশি নির্ধারিত অনলাইন ফরমেও প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত আবেদন ফরমে প্রবেশ করে অনলাইনে তথ্য পূরণ করা যাবে। পাশাপাশি অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশে দেওয়া নির্ধারিত লিংকের মাধ্যমেও আবেদনসংক্রান্ত তথ্য জমা দেওয়া যাবে।

আরএইচটি/এমএসএ