বিজ্ঞাপন

৪০০ মাদরাসায় অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ শূন্য

৪০০ মাদরাসায় অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ শূন্য

দেশের ফাজিল ও কামিল মাদরাসাগুলোর শিক্ষকদের বদলির সুবিধার্থে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৪০০ মাদরাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ শূন্য থাকার তথ্য উঠে এসেছে।

রোববার (৩০ আগস্ট) রাতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন ও শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, তালিকায় থাকা শূন্যপদের বিপরীতে এমপিওভুক্ত শিক্ষকরা নির্ধারিত নিয়ম ও সময়ের মধ্যে পছন্দের প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত তালিকা থেকে পছন্দের মাদরাসা নির্বাচন করে নির্ধারিত ছকে আবেদন করতে হবে।

বদলির আবেদনের সঙ্গে আবেদনকারী ও তার স্বামী বা স্ত্রীর (স্পাউস) জাতীয় পরিচয়পত্রের কপি, আবেদনকারীর বর্তমান পদের প্রথম ও সর্বশেষ এমপিওর কপি এবং বর্তমান কর্মস্থলে যোগদানপত্র সংযুক্ত করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্পাউসের কর্মস্থলের প্রত্যয়নপত্রও দিতে হবে।

আবেদনটি করতে হবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর।

এদিকে দেশের মাদরাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

গত ২৭ আগস্ট মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে।

নীতিমালা-২০২৬-এর বিধি ৩.১৯ অনুযায়ী জনস্বার্থে শূন্যপদে বদলির জন্য এমপিওভুক্ত শিক্ষকদের কাছ থেকে ম্যানুয়ালি বা হার্ডকপিতে আবেদন নেওয়া হচ্ছে।

অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্যপদসহ সংশ্লিষ্ট মাদরাসাগুলোর বিস্তারিত তালিকা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষকরা তালিকা দেখে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানের শূন্যপদ নির্বাচন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

আরএইচটি/এসএএস