কী পারফরম্যান্স ইন্ডিকেটর বা কেপিআইয়ের ভিত্তিতে সেরা কলেজ নির্বাচনের জন্য তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজ র্যাংকিং-২০২৫-এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলো আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য জমা দিতে পারবে।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, নির্ধারিত কেপিআইয়ের ভিত্তিতে কলেজগুলোর পারফরম্যান্স র্যাংকিং করা হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে আটটি এবং বিভাগীয় পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে ১০টি করে মোট ৮৮টি সেরা কলেজ নির্বাচন করা হবে।
এ জন্য ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের কেপিআইসংক্রান্ত তথ্য দিতে হবে কলেজগুলোকে। নির্ধারিত ওয়েব লিংকে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘কলেজ র্যাংকিং তথ্য ছক’ পূরণ করে জমা দিতে হবে।
এর আগে গত ১৪ মে জারি করা অফিস আদেশে কলেজ র্যাংকিংয়ের তথ্য ছক পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার তথ্য জমা দেওয়ার সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, নির্বাচিত র্যাংকিংপ্রাপ্ত কলেজগুলোর তালিকা গণমাধ্যমে প্রচার করা হবে। এ ছাড়া জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কলেজগুলোকে প্রণোদনা, কম্পিউটার, শিক্ষা উপকরণ, বই, সনদ, অ্যাওয়ার্ড ও সম্মাননা পুরস্কার দেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর সংশ্লিষ্ট সব অনার্স কলেজকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ছক যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।
এমএইচএন/আরএফ
