বিজ্ঞাপন

অনার্স ফাইনাল ইয়ারের ফল প্রকাশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন রেকর্ড

অনার্স ফাইনাল ইয়ারের ফল প্রকাশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন রেকর্ড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের (ফাইনাল ইয়ার) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ করে নতুন রেকর্ড করেছে বিশ্ববিদ্যালয়টি। এর আগে একই বর্ষের ফল প্রকাশে সময় লেগেছিল ৮৯ দিন।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষার্থীরা বিকেল ৫টা থেকে ফলাফল দেখতে পারবেন।

এবারের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

ফল প্রকাশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ারের ফল প্রকাশ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত।

তিনি বলেন, শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। এই অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গত ৩০ এপ্রিল শুরু হয়ে ১৫ জুন শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করা হতে পারে। প্রয়োজনে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

যেভাবে ফল দেখা যাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরএইচটি/এসএএস