সরকারের ‘লার্নিং ইউথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা।
সোমবার (৩১ আগস্ট) নেত্রকোণা সরকারি কলেজে জেলা পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তাহের খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিতর্ক মোট চারটি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এদিকে জেলা পর্যায়ের প্রতিযোগিতাকে ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের কলেজের শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরএইচটি/এসএএস
