ঢাকা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হবে। এ বছর একাদশ শ্রেণিতে নতুন করে ৫০০ আসন বাড়িয়ে মোট ১৭০০ শিক্ষার্থী ভর্তি হবে।
ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বছর একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ৫০০ সিট বাড়িয়ে মোট ১৭০০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। ভর্তি আবেদনের পর যাচাই-বাছাই করে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির মেধাতালিকায় রাখা হবে।
এদিকে ঢাকা কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ভর্তি নীতিমালা অনুসারে ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তির ক্ষেত্রে শাখাভিত্তিক ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগে ৫.০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ ন্যূনতম জিপিএ থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভর্তি আবেদনের ক্ষেত্রে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে। পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ করা হবে ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।
এরপর ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে ফল প্রকাশের পর থেকে ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকের নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম তিনটি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ করা হবে। একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দক্রম অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবে। নির্বাচিত শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৪০ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।
উচ্চমাধ্যমিক ভর্তিচ্ছু অনলাইনে আবেদনের ওয়েবসাইট: www.xiclassadmission.gov.bd
এমওএইচ/জেডএস
